ছাত্রলীগ নেতাকে লক্ষ্য করে ককটেল ছোড়ার অভিযোগ
নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হককে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে শহরের গোদার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে হামলাকারী সন্দেহে সালাহ উদ্দিন নামের এক যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
ছাত্রলীগ নেতা ফজলুল হকের ভাষ্যমতে, রাত পৌনে আটটার দিকে তিনি গোদার মসজিদ নামক স্থানে বাড়ির সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। কিন্তু ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান।
তবে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ফজলুল হক যেখানে দাঁড়িয়ে ছিলেন, তার কাছাকাছি বাজি ফোটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।