আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো ভিশন টেলের দুই কর্মকর্তাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার থাকা আইজিডব্লিউ প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়রিন ইসলাম ও পরিচালক শরীফুল ইসলামকে একই আইনের আরেকটি মামলায় গতকাল সোমবার গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর বনানী থানায় করা মামলায় তাঁদের জামিনের আবেদন নাকচ করেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম।
কলাবাগান থানার একটি মামলায় এ দুজনকে ১৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। সেদিন তাঁদের আদালতে পাঠিয়ে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। আদালত সূত্র বলেছে, বনানী থানার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর জন্য ২১ ডিসেম্বর আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশাসনিক কর্মকর্তা কাউসার আহমেদ। তবে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। গতকাল তাঁদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বনানী ও ৩০ জুন কলাবাগান থানায় বিটিআরসি দুটি মামলা করে। কলাবাগান থানার মামলায় ভিশন টেলের চেয়ারম্যান এস এম আসিফ শামস, ব্যবস্থাপনা পরিচালক আয়রিন ইসলাম, পরিচালক শরীফুল ইসলাম, রাসেল মির্জা, এহসানুজ্জামান রাজিব, তানিয়া জামান, নাসরীন জামান, এম বদিউজ্জামান, মিনহাজ উদ্দিন ফয়েজ ও অংশীদার জিয়াউর রহমানকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, বার্ষিক লাইসেন্স ফি, আয় ভাগাভাগির অংশ ও বিলম্ব ফি মিলিয়ে ভিশন টেল ও ক্লাউড টেলের কাছে সরকারের পাওনা ২৪০ কোটি টাকার বেশি। এর মধ্যে ভিশন টেলের কাছে পাওনা ১৮০ কোটি টাকা। প্রতিষ্ঠান দুটিতে ২০১৩ সালে আন্তর্জাতিক আগমন কলের রাজস্ব বণ্টন বাবদ এই পাওনা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি বার্ষিক লাইসেন্স ফিও পরিশোধ করেনি। এ কারণে লাইসেন্সও বাতিল করে কমিশন।