ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগে দুজন গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত সেই ছাত্রলীগ নেতা নুরন্নবী বকুলকে (২২) হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন পাটগ্রাম উপজেলার মধ্যইসলামপুর গ্রামের মনিরুল ইসলাম (২১) ও একই গ্রামের রাজু মিয়া (২৬)।
নুরন্নবী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্যইসলামপুর গ্রামের ট্রাকচালক সিরাজুল ইসলামের ছেলে ও ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। নুরন্নবীকে হত্যার অভিযোগে গত ৩০ ডিসেম্বর লালমনিরহাট জিআরপি থানায় একটি হত্যা মামলা করেন সিরাজুল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মধ্যইসলামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৭ নভেম্বর স্থানীয় কয়েকজন যুবক বনভোজনের আয়োজন করেন। ওই বনভোজনে মাইকে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে মনিরুল ও নুরুন্নবীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি তাঁদের বন্ধুরা মীমাংসা করে দেন। সেই বিরোধের জের ধরে মনিরুল ও রাজু মিয়াসহ কয়েকজন গত ১২ ডিসেম্বর নুরুন্নবীকে খানপাড়া গ্রামে হত্যা করে লাশ রেললাইনের ওপরে ফেলে রাখেন। পরে রাতে তাঁর লাশ ট্রেনের নিচে কাটা পড়ে। ১৩ ডিসেম্বর ওই এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে লালমনিরহাট জিআরপির থানা পুলিশ। তারা লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে ওই দুজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৪ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতা নিহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।