ছাত্রলীগ নেতাদের ওপর অপর পক্ষের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি সমর্থক নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হলের সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি।
হামলায় আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের মওলানা ভাসানী হল শাখার সভাপতি ফয়সাল আহমেদ ওরফে শাকিল, বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মানবসম্পদবিষয়ক উপসম্পাদক ফিরোজুর রহমান, কার্যকরী সদস্য রোকনুজ্জামান এবং ছাত্রলীগ কর্মী মেহেদী রোমান, ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের সাইফুল ও তৃতীয় বর্ষের আরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সালের পক্ষের নেতা-কর্মীরা বেশির ভাগই হলের দক্ষিণ পাশে মেঘনা হাউসের তৃতীয় তলায় থাকতেন। গতকাল ভোর সাড়ে চারটার দিকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ–এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম নুরুন নবীসহ সাত-আটজন কর্মী রামদা, রড, লোহার পাইপ এবং হকিস্টিক দিয়ে সেখানকার ১৭টি কক্ষে হামলা চালান। এ সময় ৩১০ এবং ৩১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে ফয়সাল সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে প্রক্টোরিয়াল বডির সদস্যরা হলে গিয়ে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় সকাল ১০টার দিকে ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার পর সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা হলের প্রধান ফটক তালাবদ্ধ করে ভেতর অবস্থান করছিলেন। অন্যদিকে ফয়সাল সমর্থকেরা হলের বাইরে অবস্থান করছেন। এতে গতকাল সারা দিনই সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বের হতে পারেননি।
বিকেল সোয়া চারটার দিকে প্রক্টোরিয়াল বডির সদস্যরা সাভার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নেতৃত্বে হলে তল্লাশি চালানো হয়। এ সময় ১৭টি কক্ষের জানালা এবং দুটি কক্ষের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। তৃতীয় তলার মেঝেতে পাওয়া যায় মুঠোফোন, ল্যাপটপ এবং হকিস্টিকের ভাঙা অংশ। হলের ভেতরের নালা থেকে বেশ কিছু রড ও একটি রামদা উদ্ধার করে পুলিশ।
অনিন্দ বাড়ৈ বলেন, ‘আমার অনেক নেতা-কর্মীকে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা হল থেকে বের করে দিয়েছেন। ওরাই আমার ওপর আগে হামলা করেছে। তাই আত্মরক্ষার্থে আমার পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়।’