ছাত্রলীগ নেতাদের দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান পণ্ড!
ফেনী সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান (ওরিয়েন্টেশন) পণ্ড করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগ নেতাদের দাওয়াত না দেওয়ায় দলটির কর্মীরা অনুষ্ঠান পণ্ড করে দেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান ছিল গতকাল। সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। ইতিহাস বিভাগের অধ্যাপক সেলিনা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. আবু নাসের ভূঞা। এ ছাড়া সব বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বলেন, কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার আগেই পেছন থেকে চেয়ার ছুড়ে মারা হয়। ভাঙচুর শুরু হয় একের পর এক চেয়ার। মুহূর্তে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
বিষয়টি কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে জানান। দুপুর ১২টার দিকে সাংসদ ও ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা সবাইকে বুঝিয়ে বলে এসেছি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’
জানতে চাইলে কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এই অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ, বই, সিলেবাসসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানটি পণ্ড হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন, ‘কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়েছে। জনে জনে দাওয়াত দেওয়া সম্ভব নয়।’
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন ওরফে তপুর দাবি, তিনি ঘটনার সময় কলেজে ছিলেন না। পরে কলেজে গিয়ে অনুষ্ঠান পণ্ড হওয়ার কথা শুনেছেন।