ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে এক যুবকের কাছ থেকে মুঠোফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঁরা হলেন সূর্যসেন হল ক্যানটিনের সাবেক কর্মী হাবিব ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঝাড়ুদার সোহেল।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজীব বাড়ৈ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত কুমার দাস। রাজীব জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আর অমিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা।
পুলিশ বলছে, ছিনতাইয়ের মামলাটি গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার রাজীব ও অমিতকেও নিজেদের জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হাবিব ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশকার রাজীব আল মাসুদ বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।