সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক রজতকান্তি গুপ্তকে কুপিয়ে জখম করার ঘটনায় শেষ পর্যন্ত ছাত্রলীগ নেতাদের নাম উল্লেখ না করেই মামলা রেকর্ড করা হয়েছে। গত রোববার রাতে মামলাটি রেকর্ড করে সিলেট কোতোয়ালি থানার পুলিশ।
অবশ্য শুরুতে ছাত্রলীগের চার নেতার নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছিল। পরে মামলার বাদী রজতকান্তি নিজেই ওই নেতাদের নাম বাদ দিয়ে অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনকে আসামি করে পুনরায় অভিযোগ দাখিল করেন। তবে ওই মামলায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী রজতকান্তি গুপ্ত বলেন, ‘শুরুতে ছাত্রলীগের চার নেতার নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেছিলাম। পরে পরিবারের সদস্যদের ইচ্ছায় নাম উল্লেখ না করেই মামলাটি দায়ের করেছি। তবে ছাত্রলীগের একটি মিছিল থেকে আমার ওপর হামলা হয়েছে, সেটি উল্লেখ রেখেছি।’
অবশ্য কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ দাবি করেছেন, রজতকান্তির দুটি অভিযোগ দাখিলের বিষয়টি সঠিক নয়। একটি অভিযোগই দাখিল করেছেন তিনি। সেখানে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গত বৃহস্পতিবার রাতে নগরের কবি নজরুল মিলনায়তনে এক কনসার্টে ছাত্রলীগের পারভেজ আহমদ পক্ষের অনুসারীরা হামলা চালিয়ে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই ছাত্রসহ কয়েকজনকে গুরুতর আহত করেন। এর কয়েক ঘণ্টা পর ছাত্রলীগের একটি মিছিল থেকে রজতকান্তিকে কুপিয়ে জখম করা হয়।