ছাত্রলীগ নেতার ওপর যুবলীগ নেতার হামলা
আধিপত্য বিস্তার নিয়ে বরিশালের গৌরনদীতে গত শনিবার সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতির ওপর উপজেলা যুবলীগের এক নেতা ও তার সহযোগীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা এ সময় ছাত্রলীগ নেতার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ ১৫ জনকে আসামি করে গতকাল রোববার গৌরনদী থানায় একটি মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঠিকাদারি কাজ নিয়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হারিছুর রহমান এবং উপজেলা যুবলীগ নেতা সৈকত গুহের মধ্যে বিরোধ চলছে। শনিবার দুপুরে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ও মেয়র সমর্থক সোহান ইসলাম মনির উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে শরীফাবাদ গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে সৈকত গুহ, তাঁর সহযোগী চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য লালু সরদার, মামুন হোসেন ওরফে ছিটা মামুন, রিপন সরদার, নাজমুল সরদার, হাসান সরদার ও মাসুদ মোটরসাইকেলে এসে সোহান ইসলামের পথ রোধ করে হামলা চালায়।
সোহান ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে হাতুড়ি দিয়ে বেধড়ক আঘাত করে। একপর্যায়ে তাঁর মোটরসাইকেলটি তারা ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়। এরপর তাঁর কাছে থাকা ২ লাখ ৮ হাজার টাকা ও দামি মুঠোফোন ছিনিয়ে নেয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ অস্বীকার করে সৈকত গুহ বলেন, ‘হামলার সঙ্গে আমি বা আমার কোনো সমর্থক জড়িত নয়।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় শাওন বাদী হয়ে সৈকতসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, ভাঙা মোটরসাইকেলটি পুকুর থেকে পুলিশ উদ্ধার করেছে।