ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে মাদক, অস্ত্রসহ সাত বহিরাগত আটক
ছাত্রলীগ নেতার কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পাশের দুই কক্ষ থেকে মাদক, আগ্নেয়াস্ত্র, ককটেল তৈরির উপকরণসহ সাতজন বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত রোববার রাতে পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন অভিযান চালিয়ে বহিরাগত ব্যক্তিদের আটক ও মাদক-অস্ত্র উদ্ধার করে। অস্ত্রের মধ্যে চায়নিজ কুড়াল, রামদা ও লোহার পাইপ ইত্যাদি ছিল। এ সময় ১০১, ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ সিলগালা করা হয়।
ছাত্রলীগের সহসভাপতি হলেন আরেফিন সিদ্দিক। তিনি সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর কক্ষ (৩১৫) থেকে চাপাতি, চায়নিজ কুড়াল ও ইয়াবার খোসা পাওয়া যায়।
আটক বহিরাগতরা হলেন লিমন দাড়িয়া, সানি, রিয়াজ, টিটন, তপু, ইমন হোসেন ও সজীব। তাঁদের প্রত্যেকের বাড়ি ফরিদপুর-খুলনা অঞ্চলে। তা ছাড়া কক্ষগুলো আরেফিন সিদ্দিকের অনুসারীদের দখলে ছিল।
তবে ছাত্রলীগের একটি অংশের অভিযোগ, অভিযানের আগে আরেফিনের কক্ষে দরজার ওপর দিয়ে অস্ত্রগুলো ভেতরে ফেলে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে জানতে আরেফিন সিদ্দিকের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।
পুলিশ জানায়, আটক হওয়া বহিরাগত ব্যক্তিরা প্রত্যেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে একাধিক ব্যক্তি অনেকগুলো মামলার আসামি।
পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার ওয়ারী থানার পুলিশ আবুল কাশেম নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে। কাশেমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তিনি বহিরাগত হিসেবে সূর্য সেন হলে থাকেন। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে পাওয়া তথ্য ওয়ারী থানা থেকে শাহবাগ থানায় জানানো হয়। পরে হল প্রশাসন ও প্রক্টরের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে পুলিশ।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, পুলিশের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, যেসব কক্ষে অভিযান চালানো হয়েছে, সেসব কক্ষে আরও অস্ত্র, গোলাবারুদ থাকার তথ্য ছিল। কাশেমের গ্রেপ্তারের খবর পেয়ে হয়তো সরিয়ে ফেলা হয়েছে। আরেফিন সিদ্দিকও গা ঢাকা দিয়েছেন।