ছাত্রলীগ নেতার কক্ষ থেকে পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস ২০ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। গত সোমবার রাতে ছাত্রলীগের শহীদ জিয়াউর রহমান হল শাখার এক নেতার কক্ষ থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের মধ্যে পালটাপাল্টি হামলার ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আনিস খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার ওই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান জানান, ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শহীদ জিয়াউর রহমান হলের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে পুলিশ একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে। কক্ষটিতে ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র গোলাম আযম সিফাত শাহ্ একাই থাকতেন। তিনি ওই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান পিপিএম পিস্তল উদ্ধার করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ১৩ জানুয়ারি সাতজন ছাত্রের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ১৮ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলামসহ যে চারজন ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়েছে, তাঁরা ওই মামলার এজাহারভুক্ত আসামি। প্রক্টর অধ্যাপক মো. এ টি এম শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৮ জানুয়ারির ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ গত ১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করে। ছুটি শেষে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়। কিন্তু আগের দিন ছাত্রলীগের নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্ররা প্রবেশ করার সময় কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। ওই শিক্ষকেরা হলে বৈধ ছাত্রদের ওঠানোর কার্যক্রম তদারক করছিলেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। ১৮ জানুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজন গ্রেপ্তার হন। এ ঘটনায় গত সোমবার শিক্ষকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।