ছাত্রলীগ নেতার কাছে লবণ চাওয়ায়...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে খাওয়ার সময় এক ছাত্রলীগ নেতার কাছে লবণ চাওয়ায় একটি অনলাইন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই বিশ্ববিদ্যালয় প্রতিনিধির নাম ইমরান হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। থাকেন বিজয় একাত্তর হলে।
ইমরান অভিযোগ করেন, তিনি তাঁর রুমমেট ফরিদ মোল্লার সঙ্গে দুপুরে জিয়া হলের ক্যানটিনে খেতে যান। সেখানে একই টেবিলে হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লা তাঁর অনুসারীদের নিয়ে খাচ্ছিলেন। খাওয়ার একপর্যায়ে বনি আমিনের সামনে থাকা লবণদানি ফরিদ মোল্লা তাঁর দিকে এগিয়ে দিতে বলেন। বনি আমিন তখন ফরিদকে বলেন, যেন নিজে নিয়ে যায়। ফরিদ মোল্লা বলেন, ইমরান এ সময় বনি আমিনকে বলেন, ‘একটু এগিয়ে দিলে কী হয়!’ তখন বনি আমিনের কর্মীরা তাঁদের পরিচয় জানতে চান। দুজনই বিজয় একাত্তর হলের জানালে মারধর করে তাঁদের দুজনকে ক্যানটিন থেকে বের করে দেন ছাত্রলীগের কর্মীরা।
এ বিষয়ে জানতে বনি আমিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের অনুসারী। মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ইমরানকে কেউ মারধর করেছে বলে স্বীকার করেননি। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ছাত্রলীগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমান প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অবশ্যই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।