ছাত্রলীগ নেতার কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনির ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দেওয়ান জনির চাচা দেওয়ান নুরুজ্জামান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলাটি করেন। মামলায় ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
দলীয় সূত্র ও পুলিশ জানায়, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সত্যজিৎ দাসকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত রোববার রাতে সত্যজিতের বাবা শংকর দাস বাদী হয়ে সাধারণ সম্পাদক দেওয়ান জনিসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৮ জনের নামে মামলা করেন। পরে সোমবার রাতে শহরের কালীবাড়ি এলাকায় দেওয়ান জনির বাড়িসংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর করে। এ ঘটনায় সাব্বির খান, শফিকুল ইসলাম, সাকিব খান, মো. শাহেন শাহ, সজিব সরকার ও বাপ্পী সাহার বিরুদ্ধে জনির চাচা মামলা করেন। মামলার আসামিরা ছাত্রলীগের নেতা-কর্মী।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এসব হামলার ঘটনা ঘটছে। সত্যজিতের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতেই দেওয়ান জনির ফাঁকা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
দেওয়ান জনি বলেন, ‘সত্যজিতের ওপর হামলার ঘটনায় আমি জড়িত নই। তবু আমার নামে মামলা করা হয়েছে। আমার কার্যালয়ে যারা ভাঙচুর করেছে, তাদের নামেই শুধু মামলা করা হয়েছে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান প্রথম আলোকে বলেন, সত্যজিতের ওপর হামলার ঘটনায় করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। দেওয়ান জনির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলাটি থানার পুলিশ তদন্ত করছে।