ছাত্রলীগ নেতার থাপ্পড়ে কানের পর্দা ফাটল পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে থাপ্পড় দিয়ে এক পুলিশ সদস্যের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শরীয়তপুর সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ওই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযোগ ওঠা ছাত্রলীগ নেতার নাম আক্তার হোসেন। তিনি শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

শরীয়তপুর সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও তাঁর ভাগনে আক্তার হোসেন গতকাল শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ সাহার সঙ্গে দেখা করতে যান। তাঁরা চিকিৎসা কর্মকর্তার কাছে হোসেন খন্দকার নামে এক রোগীর আঘাতের চিকিৎসাজনিত সনদপত্র চান। রোগী ছাড়া সনদপত্র দিতে অপারগতা প্রকাশ করলে দেবাশীষ সাহাকে অপদস্থ করেন আক্তার। ওই সময় সেখানে চিকিৎসা নিতে উপস্থিত ছিলেন পুলিশের নায়েক সেলিম মাতুব্বর। চিকিৎসককে কেন অপদস্থ করা হচ্ছে জানতে চাইলে উত্তেজিত হয়ে তাঁকে মারধর করেন আক্তার। একপর্যায়ে আক্তারের থাপ্পড়ে পুলিশ সদস্যের কান দিয়ে রক্ত ঝরতে থাকে।

ঘটনার পরপরই সেলিমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাঁকে সেখানে চিকিৎসা দেন হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ইমরান খান। তিনি বলেন, ওই পুলিশ সদস্যের ডান কানের পর্দা ফেটে গেছে এবং সেখানে রক্তক্ষরণ হচ্ছে। আঘাতটি গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে সেলিম মাতুব্বরকে দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ সুপার তানভির হাসান। তাঁরা হাসপাতালের তত্ত্বাবধায়ক মশিউর রহমান ও কর্মরত চিকিৎসকদের সঙ্গে সেখানে একটি সভা করেন।

পরে আক্তারকে ধরতে আলমগীর হোসেনের বাড়ি ও ক্লিনিকে অভিযান চালায় পুলিশ। এ সময় আক্তারের কক্ষ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। দুপুরে আলমগীর হোসেনের মালিকানাধীন হাওলাদার ক্লিনিকে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নীতিমালা ও আইন লঙ্ঘন করে ক্লিনিক চালানোর অভিযোগে আদালত মালামাল জব্দ করে ক্লিনিকটি সিলগালা করে দেন। আর ক্লিনিকে ভর্তি থাকা রোগীদের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।