ছাত্রলীগ নেতার নামে হল প্রাধ্যক্ষের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রলীগের এক নেতার নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক প্রাধ্যক্ষ। গতকাল বুধবার দুপুরে শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম নগরের মতিহার থানায় এ জিডি করেন।
অভিযোগ ওঠা মুশফিক তাহমদি তন্ময় ওই হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জাহাঙ্গীর আলম বলেন, ‘বিভিন্ন সময় মুশফিক হলের আবাসিক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি দেখিয়েছেন। এ ছাড়া আমার হলে সংযুক্তি নেই, এমন শিক্ষার্থীকে তিনি হলে তুলেছেন। আমার হলের সঙ্গে সংযুক্তি থাকা কোনো শিক্ষার্থীকে হলে সিট দিলে আপত্তি থাকত না। কিন্তু তিনি সেটা করেননি। আমি তাঁকে বারবার সতর্ক করেছি, কিন্তু শোনেননি। সর্বশেষ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। কিন্তু মুশফিক তার উত্তরও দেননি। বাধ্য হয়ে জিডি করেছি।’
মুশফিক বলেন, ‘আমি কোনো শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছি কি না, আমার জানা নেই।’