ছাত্রলীগ নেতার নেতৃত্বে তিনজনকে পিটুনি?
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কল্যাণপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার ছাত্রলীগের নেতার নেতৃত্বে তিনজনকে পেটানোর অভিযোগ উঠেছে। ওই নেতার হুমকির কারণে আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেননি।
আহত ব্যক্তিরা হলেন খন্দকার আওলাদ হোসেন (৫০), তাঁর বোন খন্দকার আমেনা বেগম (৬৫) ও ভাগনে উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মো. মাইনুদ্দিন (৪২)। তাঁদের বাড়ি কল্যাণপুর গ্রামে।
খন্দকার আওলাদ হোসেন বলেন, ‘আমার ভাতিজা ঢাকা দক্ষিণ ছাত্রলীগের গ্রন্থাগার ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদক আবু ইউছুফ রিয়াদ ও তাঁর সাঙ্গোপাঙ্গরা সম্পত্তি আত্মসাৎ করতে মেরে ফেলার উদ্দেশ্যে আমাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। রিয়াদ ছাত্রলীগের নেতা। তাঁর বোন ইডেন কলেজের নেত্রী। তাঁরা মারলে কেউ ঠেকাতে পারবে না বলে হুমকি-ধমকি দিচ্ছে। থানায় মামলা করার জন্য গেলেও নেয়নি। আমাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।’
মো. মাইনুদ্দিন বলেন, ‘আমার মামাকে ঘরের ভেতরে নিয়ে মারধর করছে শুনে বাঁচাতে গেলে আমাকে রিয়াদ ও তার বোনের জামাইসহ কয়েকজন হকিস্টিক দিয়ে অন্তত ২৫টি আঘাত করে এবং মাথায় দা দিয়ে কোপায়।’
ঢাকা দক্ষিণ ছাত্রলীগের গ্রন্থাগার ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদক আবু ইউছুফ রিয়াদ বলেন, ‘বৃহস্পতিবার আমার মা বাঁশ বিক্রি করতে গেলে আমার ফুপাতো ভাই মাইনুদ্দিন মারধর করে। পরদিন শুক্রবার চাচা কাঁঠাল পাড়তে গেলে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার দুলাভাই জামাল মিয়াকে রড দিয়ে মাইনুদ্দিন আঘাত করে। আমরা উত্তেজিত হলে ওরাও আহত হয়। দুলাভাইকে হাসপাতালে নেওয়ার পর ওরা হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ওরা মনমতো মেডিকেল রিপোর্ট চায়। তা দেওয়া হবে না জেনে ওরা অন্যত্র গিয়ে চিকিৎসা নেয়।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ মামলা দিতে আসেনি। তাই মামলা না নেওয়ার অভিযোগ সঠিক নয়।