ছাত্রলীগ নেতার নেতৃত্বে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর
চাঁদা না পেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আঞ্চলিক কার্যালয়ে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়ায় ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) লাঞ্ছিত করা হয়। গতকাল শনিবার শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম ওরফে সজীব ১৪-১৫ জন সহযোগীকে নিয়ে গতকাল বিকেলে ওই কার্যালয়ে যান। এ সময় তাঁরা ডিজিএম কামাল হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে নাঈমুল ইসলাম ও তাঁর সহযোগীরা কার্যালয়ের আসবাব ভাঙচুর ও নথিপত্র তছনছ করেন। এ সময় বাধা দেওয়ায় তাঁরা কামাল হোসেনকে কিল-ঘুষি মারেন।
কামাল হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা নাঈমুল তাঁর (কামাল) কাছে চাঁদা দাবি করেন। তবে কী কারণে চাঁদা দাবি করা হয়েছে, তা তিনি বলেননি।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে নাঈমুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ নেওয়ার জন্য কাগজপত্র নিয়ে ডিজিএমের কাছে গেলে তিনি আমাদের লাইনে দাঁড়াতে বলেন। লাইনে না দাঁড়ানোয় তিনি আমাদের কাছে ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকার করায় তাঁর সঙ্গে ওই কর্মকর্তার ভুল বোঝাবুঝি হয়।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন-উল কাদির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের পাওয়া যায়নি।