ছাত্রলীগ নেতার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেনের (২২) পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার শেখহাটিতে ঘটনাটি ঘটে। তবে পুলিশ বলছে, আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছিল।
আরিফ যশোর সরকারি সিটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি শেখহাটি জামরুলতলায়। আরিফ যশোর জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
পুলিশের দাবি, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেল পুলিশের তল্লাশি চৌকি অতিক্রম করার সময় সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা আরিফ পুলিশের এক সদস্যকে রামদা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করেন। পুলিশ আত্মরক্ষার্থে মোটরসাইকেলটি লক্ষ্য করে গুলি ছুড়লে তা আরিফের পায়ে বিদ্ধ হয়।
তবে আরিফের ভাই মামুন হোসেন প্রথম আলোকে বলেন, ‘সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নাসরিন সুলতানার নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলে করে আরিফ ও তাঁর বন্ধু বাড়িতে ফিরছিলেন। জামরুলতলায় বাড়ির কাছাকাছি পৌঁছালে পুলিশ থামার নির্দেশ দেয়। অন্ধকারে তাঁরা তা দেখতে পাননি। পুলিশ মোটরসাইকেল থামিয়ে আরিফকে বেধড়ক মারপিট এবং পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে।’
গতকাল বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, আরিফের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। দুজন পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, আরিফের বাঁ পায়ের হাঁটুর নিচে গুলির জখম ছিল। বাঁ হাতের কনুইতে জখম ছিল। তবে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার অভিযোগ অস্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আরিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে। ঘটনাস্থলে তাঁর কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, একটি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলে থাকা আরিফের সহযোগী পালিয়ে গেছেন।
অস্ত্র উদ্ধার ও মামলার ব্যাপারে আরিফের ভাই মামুন বলেন, আরিফের কাছে কোনো অস্ত্র ছিল না। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।