ছাত্রলীগ নেতার ফ্ল্যাটে গুলিবিদ্ধ কিশোরের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিদায়ী সভাপতি শেখ রবিউল ইসলাম সোহেলের বাড্ডার ফ্ল্যাট থেকে গতকাল শনিবার রাতে ইমন (১৪) নামের এক কিশোরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে কিশোরের সামনে পড়ে থাকা একটি রিভলবারও জব্দ করা হয়েছে।
পুলিশ বলছে, ইমন রবিউলের মামাতো ভাই। সাভারের একটি স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। মা-বাবার সঙ্গে সে সাভারে থাকত। মাঝে মাঝে মধ্য বাড্ডার আলাতুন্নেছা স্কুল গলির চেয়ারম্যানবাড়ির মোড় এলাকায় ছাত্রলীগ নেতা সোহেলের ফ্ল্যাটেও যেত। ফ্ল্যাটটি নয়তলা ভবনের দুই তলায়।
বাড্ডা থানার পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ওই ফ্ল্যাটেই থাকছে ইমন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ইমন একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সেখান থেকে গুলির শব্দ এলে ফ্ল্যাটের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু কোনো সাড়া মিলছিল না। একপর্যায়ে আশপাশের লোকজনকে ডেকে ছিটকিনি ভেঙে দরজা খোলা হয়। পরে সবাই ভেতরে গিয়ে দেখেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় খাটের ওপর পড়ে আছে ইমন। তার সামনে একটি রিভলবার, পাঁচটি গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা। রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আর রিভলবার ও গুলি জব্দ করা হয়। রিভলবারটি লাইসেন্সবিহীন বলে জানায় পুলিশ।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘ঘটনা সম্পর্কে এখনো কোনো কিছুই জানতে পারিনি। ঘটনার সময় সোহেল বাসায় ছিলেন না। বাসায় তার মা-বাবা ও গৃহকর্মী ছিলেন।’
ওসি বলেন, ‘ধারণা করছি, ইমন আত্মহত্যা করেছে। তারপরও তদন্ত না করে কোনো কিছুই বলা যাচ্ছে না। আমরা সবকিছুই খতিয়ে দেখছি।’
গতকাল রাত ১১টার দিকে সরেজমিনে দেখা যায় বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড়। বাড়ির প্রধান ফটক আটকানো। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গণমাধ্যমকর্মীরা ঢুকতে চাইলে তাঁদেরও বাধা দেওয়া হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পরে রাত সোয়া ১২টার দিকে লাশ ফ্ল্যাট থেকে বের করে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যায় পুলিশ। তখন ওই ফ্ল্যাটে কয়েকজন ভিডিওচিত্র গ্রাহককে ছবির জন্য যেতে দেওয়া হলেও কোনো প্রতিবেদককে যেতে দেওয়া হয়নি।
সূত্র জানায়, ঘটনার সময় ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম সোহেল দলীয় কার্যালয়ে ছিলেন। খবর পেয়ে তিনি বাসায় ফেরেন। ঘটনার কারণ ও রিভলবার সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিক ও পুলিশকে জানিয়েছেন।