ছাত্রলীগ নেতার বাড়ি থেকে শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ নেতার বাড়ি থেকে উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি রেজাউল করিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ আশ্রয়দাতা হাফিজুর রহমানকে আটক করে।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, গ্রেপ্তার করা রেজাউল করিম উল্লাপাড়ার পূর্ণিমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের গ্রামের বাড়িতে পালিয়ে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি থেকে রেজাউলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ নেতা হাফিজুরকে কারাগারে পাঠানো হয়নি।
আবদুল জলিল আরও জানান, রেজাউলের বিরুদ্ধে উল্লাপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের গাড়িতে ককটেল নিক্ষেপসহ নাশকতার ঘটনায় আদালতে ও উল্লাপাড়া থানায় প্রায় ১৫টি মামলা রয়েছে। রেজাউল উপজেলার বাখুঁয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।