ছাত্রলীগ নেতার বাসায় চুরি যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ওরফে টিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা আরিফের বাড়ি শহরের শালগাড়িয়া মহল্লার মালিগলি স্কুলপাড়ায়।
রফিকুলের বাবা কে এম হাসান জানান, পাবনা জেনারেল হাসপাতাল সড়কে ছয়তলা বাড়ির চতুর্থ তলায় তিনি থাকেন। ১০ জুন বেলা দেড়টার দিকে বাড়িতে শুধু রফিকুলের মা ছিলেন। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্ত চতুর্থ তলায় উঠে নিচে আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকে। রফিকুলের মা দরজা তালা দিয়ে আগুন দেখতে নিচে নামেন। এ সময় দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা চুরি পালিয়ে যায়।
সদর থানার এসআই আবদুস সালাম জানান, ঘটনার দিনই রফিকুলের বাবা কে এম হাসান বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত চলছিল। এর মধ্যেই এলাকাবাসী শুক্রবার রাতে আরিফ নামের একজনকে আটক করে পুলিশে দেয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর থেকেই তাঁরা চোরদের শনাক্ত করতে চেষ্টা করছিলেন। এ অবস্থায় তাঁরা মহল্লার কিছু বখাটে যুবককে ধরে জেরা করেন। একপর্যায়ে ওই যুবকেরা চুরির ঘটনায় যুবলীগের নেতা আরিফ জড়িত বলে জানায়।
সদর থানার ওসি আহসানুল হক বলেন, আরিফকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরিফের দলীয় পরিচয় নিশ্চিত করে পাবনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান বলেন, ‘অন্যায়কারী যে দলের, যে মতেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’