আধিপত্য বিস্তার ও পাওনা টাকাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের কর্মী রাসেল ব্যাপারীকে আগৈলঝাড়ার ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাসেলের মা নুরুন নাহার গৌরনদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।
বেলা ১১টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুন নাহার বলেন, তাঁর ছেলে রাসেল আগৈলঝাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক সাগর সেরনিয়াবাতের (২২) কাছে সাত হাজার টাকা পেত।
৬ আগস্ট সাগর ওই টাকা দেওয়ার কথা বলে রাসেলকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের একটি দোকানে নিয়ে যান। এ সময় সাগরের নেতৃত্বে তাঁর সহযোগী মনির শিকদার, মাসুদ মীর, আতিক মিয়া, তনু সরদার, চঞ্চল শরীফ, সজীব সরদার, আমিন হোসেন, বিপ্লব সেরনিয়াবাতসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে হত্যা করে।
নুরুন নাহার আরও অভিযোগ করেন, রাসেলকে হত্যার পর তিনি কয়েকজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে নতুন করে এজাহার লিখে মামলা করে। এমনকি তাঁর সামনে আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা গোলাম মুর্তজা খানের নির্দেশে তাঁর (মুর্তজা) শ্যালক আমিন হোসেনসহ কয়েকজনের নাম বাদ দিয়ে দেন। হত্যার পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। আসামিরা মামলা প্রত্যাহারে তাঁকেসহ পরিবারের সদস্যদের নানাভাবে ভয় দেখাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে গোলাম মুর্তজা খান বলেন, ‘আমি নিহত রাসেল ব্যাপারীর মা নুরুন নাহারকে সান্ত্বনা দেওয়ার জন্য থানায় গিয়েছিলাম।’
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বাদী লিখিতভাবে যে এজাহার দিয়েছে তা-ই রেকর্ড করা হয়েছে। তবে পরের দিন বাদী রশিদ আক্তার ও খলিলুর রহমান নামে দুজনের নাম যুক্ত করতে চেয়েছেন, যা করা সম্ভব হয়নি। তদন্তে ওই নাম এলে তাঁদের অভিযোগপত্রভুক্ত করা হবে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে জানানতিনি।