ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালায় ছাত্রলীগের এক নেতা খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নেতা ও উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি নূরুল কালাম ওরফে ভুট্টুর (৪০) ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নূরুল কালামের অভিযোগ, গতকাল শুক্রবার সকালে তাঁর কাঠবোঝাই তিনটি ট্রাক ছোট মেরুং বাজারে এলে মেরুং (দক্ষিণ) ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. জহির তাঁর কাছে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নামে প্রতিটি গাড়ির জন্য এক হাজার টাকা করে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহির ইট দিয়ে তাঁকে আঘাত করেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি জহিরের বিরুদ্ধে থানায় মামলা করবেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নূরু বলেন, জহির প্রতিনিয়ত জোত পারমিটের কাঠবোঝাই ট্রাক থেকে বিভিন্ন নামে চাঁদা আদায় করেন। তাঁর চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ।
মো. জহির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নূরুল কালামের গাড়ি থেকে কোনো চাঁদা চাইনি। আমি বাজার ইজারার অংশীদার। তাই নিয়ম মোতাবেক ইজারার টাকা চেয়েছি।’ তিনি বলেন, ‘নূরুল কালামই আমার ওপর হামলা করেছে। আমি হামলা করিনি, আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে।’
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জহির পুলিশের নামে টাকা দাবি করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।’