ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মাইক্রোবাস ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের নিচে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য চালকের কাছে কলেজের একটি মাইক্রোবাস চান চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম। কিন্তু চালক আবদুল আওয়াল সরকার এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আওয়ালকে কিল-ঘুষি দিয়ে গাড়িটির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়। এ সময় শুভ নামের আরেকজন ছাত্র রাশেদুলের সঙ্গে ছিলেন।
আবদুল আওয়াল সরকার গাড়ি ভাঙচুরের কথা স্বীকার করলেও এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বলতে রাজি হননি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাশেদুল ইসলাম বলেন, ‘আমি কোনো গাড়ি ভাঙচুর করিনি। তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। আমি গাড়ি ভাঙচুর কিংবা কাউকে মারধর করিনি।’
ভাঙচুর করা গাড়িটি কলেজের উপাধ্যক্ষ ব্যবহার করতেন। এ ছাড়া প্রশাসনিক বিভিন্ন কাজেও এটি ব্যবহার করা হতো।
অধ্যক্ষের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক মুজিবুল হক খান বলেন, ‘ড্রাইভারের সঙ্গে তাদের নাকি কী সমস্যা হয়েছে। তাই একটু ভুল-বোঝাবুঝি থেকে গাড়ি ভাঙচুর করা হয়। আমি বিষয়টি মিটিয়ে দিয়েছি।’
জানতে চাইলে অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর টেলিফোনে বলেন, ‘আমি ছুটিতে আছি। রাশেদদের সঙ্গে নাকি সমস্যা হয়েছে। একটি গাড়ি ভাঙচুর হয়েছে।’