ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় পড়তে এসে লাশ হয়ে বাড়ি ফিরেছেন মেয়ে ফেরদৌস আফসানা। ছবি হাতে যেন সেই মেয়েকেই খুঁজে ফিরছেন মা সৈয়দা ইয়াসমিন। পাশে আফসানার ছোট বোন। গতকাল ঠাকুরগাঁওয়ের রুহিয়ার গ্রামের বাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো
ঢাকায় পড়তে এসে লাশ হয়ে বাড়ি ফিরেছেন মেয়ে ফেরদৌস আফসানা। ছবি হাতে যেন সেই মেয়েকেই খুঁজে ফিরছেন মা সৈয়দা ইয়াসমিন। পাশে আফসানার ছোট বোন। গতকাল ঠাকুরগাঁওয়ের রুহিয়ার গ্রামের বাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো

রাজধানীর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। নিহত শিক্ষার্থী ফেরদৌস আফসানার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন। তাঁরা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে রবিন তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করেছে, বিষয়টি ‘মীমাংসা’ করে ফেলার জন্য পরিবারকে ফোন করে চাপ দিচ্ছে ছাত্রলীগ নেতার ঘনিষ্ঠজনেরা।

গত শনিবার দুই যুবক মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে আফসানার লাশ ফেলে রেখে পালিয়ে যান।

আফসানাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তাঁর খুনিদের বিচারের দাবিতে গতকাল বুধবার রাজধানী ও মেয়েটির গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে সভা-সমাবেশ করেছে তাঁর স্বজন, বন্ধু ও এলাকাবাসী। আফসানা ছাত্র ইউনিয়ন করতেন বলে দাবি করে সংগঠনটির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, গতকাল শাহবাগে আফসানা হত্যার প্রতিবাদে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তেজগাঁও কলেজের ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মারধর করেছেন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ফেরদৌস আফসানা হত্যার প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো
ফেরদৌস আফসানা হত্যার প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো

এসব বিষয় নিয়ে কথা বলার জন্য ছাত্রলীগের নেতা হাবিবুরকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ।
মেয়েটির বড় ভাই ফজলে রাব্বি বলেন, আফসানার বাবা আখতার হোসেন ছয় মাস আগে মারা গেছেন। মা সৈয়দা ইয়াসমিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০১০ সালে আফসানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাসের পরে ঢাকার শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। পরে সেই কলেজ ছেড়ে দিয়ে ২০১৩ সালে মিরপুরের শেওড়াপাড়ায় সাইক পলিটেকনিক ইনস্টিটিউট নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপত্য বিভাগে ভর্তি হন। সেনানিবাসের মানিকদী এলাকার একটি বাসায় থেকে পড়াশোনা করতেন তিনি। ওই বাসাতেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানীর কাফরুল থানার পুলিশ জানায়, গত শনিবার বিকেলে মেয়েটির লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে রেখে পালিয়ে যান দুই যুবক। অন্য দুই যুবক ওই রাতে ফোন করে পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি জানান। তার আগেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে মর্গে পাঠায়। আফসানার ঢাকায় অবস্থানরত স্বজনেরা শনিবার গভীর রাতে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। রোববার তাঁরা লাশ নিয়ে ঠাকুরগাঁওয়ে চলে যান।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, মেয়েটির গলায় অর্ধ চন্দ্রাকৃতির দাগ রয়েছে। মেয়েটির শরীরে আর কোনো আঘাতের চিহ্ন দৃশ্যমান নয়।

আফসানার বাড়ি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া কানিকশালগাঁওয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে আফসানা দ্বিতীয়। গতকাল দুপুরে তাঁদের বাড়িতে গেলে মা সৈয়দা ইয়াসমিন বলেন, ‘ও খুব হৈ-হুল্লোড় পছন্দ করত, পাড়া মাতিয়ে রাখত। এখন এসব স্মৃতি।’ তিনি আরও বলেন, গত শুক্রবার রাতেও আফসানার সঙ্গে তাঁদের অনেকক্ষণ কথা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত নয়টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে আফসানার মা সৈয়দা ইয়াসমিনকে জানানো হয়, আফসানা খুবই অসুস্থ। তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পাশে বসে থাকা আফসানার বড় ভাই ফজলে রাব্বি মায়ের কাছ থেকে মুঠোফোনটি নিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। ফোনে ওই অজ্ঞাতনামা ব্যক্তি বলেন, আফসানা আত্মহত্যা করেছেন। এ কথা শুনে ফজলে রাব্বি ঢাকায় অবস্থানরত তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুদের হাসপাতালে গিয়ে খোঁজ নিতে অনুরোধ করেন। খবর পেয়ে আফসানার মামা ও অন্য স্বজনেরা দ্রুত ধানমন্ডির ওই হাসপাতালে যান। সেখানে আফসানার খোঁজ না পেয়ে তাঁরা ফিরে আসেন। এরপরই অন্য একটি অপরিচিত নম্বর থেকে জানানো হয়, আফসানার লাশ আল-হেলাল হাসপাতালে রয়েছে। সবাই ছুটে যান আল-হেলাল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লাশ কাফরুল থানা হেফাজতে দিয়ে দিয়েছে তারা। আর কাফরুল থানা জানায়, অজ্ঞাতনামা লাশটি তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে আফসানার লাশ শনাক্ত করেন স্বজনেরা। ময়নাতদন্তের পর রোববার দুপুরে আফসানার লাশ নিয়ে স্বজনেরা ঠাকুরগাঁওয়ের দিকে রওনা হন। ঠাকুরগাঁওয়ে পৌঁছে সোমবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়।

যে দুটি উড়ো ফোন থেকে আফসানার পরিবারকে বার্তা দেওয়া হয়েছিল, তার একটি করেছিলেন ঢাকার ফার্মগেট এলাকার বাসিন্দা জেসন গোমেজ। গতকাল জেসন প্রথম আলোকে বলেন, আফসানার সঙ্গে প্রায় পাঁচ বছরের বন্ধুত্ব তাঁদের। তাঁদের সঙ্গে মেশার সুবাদে ছাত্রলীগের নেতা রবিনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আফসানার। শনিবার সন্ধ্যার দিকে তাঁদের আড্ডায় আফসানার মৃত্যুর খবর আসে। তাঁদের আড্ডার এক বড় ভাই সৌরভ ফোন করে আফসানার পরিবারকে মৃত্যুর খবর জানান। তিনি প্রথমে সঠিক খবরটি জানাতে পারেননি। এদিকে আফসানার পরিবারের সদস্যরা উতলা হয়ে বারবার সৌরভকে ফোন করছিলেন। এমন পরিস্থিতিতে জেসন ফোন করে আফসানার পরিবারকে বিষয়টি জানান।

আল-হেলাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দুই যুবক সিএনজি অটোরিকশা নিয়ে আল-হেলাল হাসপাতালের সামনে আসেন। এ সময় তাঁরা জরুরি বিভাগে রোগী ভর্তির কথা বলে আফসানাকে স্ট্রেচারে তুলে দিয়ে সটকে পড়েন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোগিনীকে পরীক্ষা করে দেখেন, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির ভাই ফজলে রাব্বী বলেন, আফসানার বন্ধুদের কাছ থেকে তাঁরা জেনেছেন, শেরেবাংলা মহিলা কলেজে পড়ার সময় ছাত্রলীগের নেতা হাবিবুরের সঙ্গে আফসানার পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। এর মাঝে তাঁদের সম্পর্কে টানাপোড়েনও চলে। কিছুদিন আগে বন্ধুরা তাঁদের মধ্যে মীমাংসা করে দেন। কয়েক দিন আগে আফসানা ও রবিনের মধ্যে আবার বিচ্ছেদ ঘটে। এ কথাগুলো রবিনের কয়েকজন বন্ধু তাঁকে জানিয়েছেন বলে জানান রাব্বী।

রাব্বীর অভিযোগ, এসবের জের ধরে তাঁর বোনকে হত্যা করে থাকতে পারেন হাবিবুর। আফসানা নিহত হওয়ার পরের দিন দিপু নামে রবিনের এক বন্ধু তাঁকে ফোন করে ঘটনাটি মীমাংসা করে নিতে বলেন। এরপর রবিনের চাচাতো ভাই পরিচয়ে এক যুবক তাঁকে বলেন, ‘একটা মিসটেক হয়ে গেছে। আসেন, আমরা বসে মীমাংসা করে ফেলি।’

রাব্বীর তথ্য অনুযায়ী মুঠোফোনের ওই নম্বরে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে জসিম নামের এক তরুণ নিজেকে রবিনের চাচাতো ভাই পরিচয় দেন। তিনি বলেন, ‘আফসানা আত্মহত্যা করেছে। এটা নিয়ে যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা মীমাংসার জন্য আফসানার ভাইকে ফোন দিয়েছিলাম।’

এ প্রসঙ্গে রাব্বী প্রথম আলোকে বলেন, ‘আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, তাদের সঙ্গে কিসের বসা?’ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

রাজধানীর কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মোহাম্মদ শামীম হোসেন বলেন, পুলিশ মামলা তদন্ত করছে। তবে এখনো অগ্রগতির বিষয়ে জানানো যাচ্ছে না। তাঁরা আল-হেলাল হাসপাতালের সামনের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছেন বলে জানান।

কাফরুল থানার তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মেয়েটি বিবাহিত বলে শিক্ষাপ্রতিষ্ঠানে ও বাড়িওয়ালার কাছে জানিয়েছিলেন। যে বাড়িতে তিনি থাকতেন, মানিকদীর সেই বাড়িটিতে পুলিশ গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পায়।

প্রতিবাদ-সমাবেশ: আফসানাকে হত্যা করা হয়েছে, এ দাবি জানিয়ে গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

একই দাবিতে গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আফসানা হত্যার অভিযোগ ঢাকতে নানা ধরনের অপচেষ্টা চলছে। তিনি আরও বলেন, যদি তিনি আত্মহত্যাই করে থাকেন, সেটা কার প্ররোচনায় করা হয়েছে, সেটাও তদন্ত করে উচিত।

সমাবেশে সব বক্তাই আফসানার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করে তেজগাঁও কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুরকে এর জন্য দায়ী করেন।