ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল রোববার উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ছাত্রলীগের ওই নেতা হলেন দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুজন মিয়া।
কলেজ কর্তৃপক্ষ ও ওই ছাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ছাত্রী একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার কেন্দ্র পড়েছে সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে। গতকাল দুপুর ১২টার দিকে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। এ সময় কেন্দ্রের মধ্যেই ছাত্রলীগ নেতা সুজন মিয়া ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। খবর পেয়ে ওই ছাত্রীর মামা ও যুবলীগের নেতা তাঁর কয়েকজন অনুসারীকে নিয়ে সেই কলেজে যান। এরপর সুজনকে মারধর করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান তিনি। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন খান ওরফে মহিদসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে যান। এরপর তাঁরা কলেজের মূল ফটকে তালা দেন। পরে কলেজে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফটক তালাবদ্ধ থাকায় পরীক্ষার্থীরা বের হতে পারেনি। প্রায় এক ঘণ্টা পর তালা খুলে দিলে পরীক্ষার্থীরা যার যার বাড়ি চলে যায়।
যুবলীগের নেতা বলেন, ছাত্রলীগের ওই নেতা (সুজন) কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। গতকাল পরীক্ষা শেষে তাঁর ভাগনির শ্লীলতাহানি করা হয়। খবর পেয়ে কলেজে গিয়ে তাঁকে (সুজন) নিয়ে অভিযোগ জানাতে অধ্যক্ষের কাছে যাওয়া হয়। এর মধ্যেই ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে সুজনকে ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে জানতে সুজন মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
উপজেলা ছাত্রলীগের নেতা তানভীর হোসেন বলেন, সুজন শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটাননি। গত শনিবার একটি কর্মসূচিতে যুবলীগের ওই নেতা তাঁদের বহরে সুজনকে যেতে বলেন। কিন্তু তাঁদের সঙ্গে না যাওয়ায় সুজনের ওপর ক্ষোভ ছিল ওই নেতার। এ কারণে সুজনকে তিনি মারধর করেন।
কলেজের অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার বলেন, উত্ত্যক্ত করার বিষয় নিয়ে সুজনকে নিয়ে ছাত্রীর স্বজনেরা তাঁর কক্ষে এসেছিলেন। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্তের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।