বরিশালে ছাত্রলীগ নেতা মঈন তুষারের বিরুদ্ধে এলজিইডির ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়ার ওপর হামলা চালিয়ে টাকা ও চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতার দাবি, ঠিকাদারি কাজের পাওনা টাকা ফেরত চাওয়ায় ওই অভিযোগ করা হয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), বরিশাল কার্যালয় চত্বরে বাগ্বিতণ্ডা, মারধরের ঘটনার পর টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন আলাউদ্দিন ভূঁইয়া।
আলাউদ্দিন ভূঁইয়া জাতীয় পার্টি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, মঈন তুষার কিছুদিন ধরে ঈদের খরচ বাবদ তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গতকাল এলজিইডি কার্যালয় চত্বরে তুষার ও তাঁর ক্যাডাররা তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সাড়ে তিন লাখ টাকা, যমুনা ব্যাংকের ইস্যু করা এক লাখ টাকার একটি পাতাসহ চেকবই এবং একটি দামি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এলজিইডির একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি ছুটির দিন হলেও ঈদ ও অর্থবছরের শেষ সময়ে অফিসে কাজ করতে হচ্ছে। গতকাল ঠিকাদারেরা ঈদের আগে তাঁদের চেক বুঝে নিতে এসেছিলেন। দুপুরে কার্যালয় চত্বরে মঈন তুষার প্রায় ৩০ জন অনুসারী নিয়ে ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়াকে ঘিরে ফেলেন। এ সময় পাঁচটি দরপত্র বাবদ ‘বিটমানির’ পাওনা ১২ লাখ টাকার দাবি নিয়ে বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে।
ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মঈন তুষার দাবি করেন, তিন মাস আগে সাড়ে চার কোটি টাকার একটি কাজ সমঝোতার ভিত্তিতে করা হয়েছিল। দরপত্রের জন্য ৫২ লাখ টাকা কমিশন (বিটমানি) ওঠানো হয়। সেই কাজের পাঁচটি শিডিউলের কমিশন বাবদ ঠিকাদার আলাউদ্দিনের কাছে তিনি ১২ লাখ টাকা পান।
টাকা ও চেক ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে মঈন তুষার বলেন, ‘গতকাল দুপুরে এলজিইডিতে আলাউদ্দিন ভূঁইয়ার কাছে বিটমানির টাকা চাইতে গেলে তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় আমার সঙ্গে থাকা ছোট ভাইরা তাঁকে মারধর করে। তবে টাকা এবং চেক ছিনতাই করার ঘটনা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘দুপুরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বাইরে দুই দল ঠিকাদারের মধ্যে হাউকাউ শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। আমি নিচে গিয়ে আর কাউকে পাইনি।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ঠিকাদারি কাজের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে মঈন তুষারের সঙ্গে অন্য পক্ষের বাগ্বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়া থানায় এসে মৌখিকভাবে টাকা ছিনতাইয়ের অভিযোগ করে চলে গেছেন।