ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক স্থাপন ও পরে তা অস্বীকার করায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টাও চালান।
তবে ছাত্রলীগের ওই নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতারিত ওই কলেজছাত্রীর স্বজন ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওই নেতা (২৪) স্থানীয় এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। গত সোমবার বিকেলে ওই ছাত্রী ওই তাঁর বাড়িতে যান। এ সময় ওই নেতা বাড়ি থেকে সটকে পড়েন। ছাত্রী বিষয়টি নেতার পরিবারের সদস্যদের জানান। এতে পরিবারের সদস্যরা সাড়া না দিয়ে তাঁকে অশ্লীল গালিগালাজ করেন। একপর্যায়ে ওই ছাত্রী তাঁর কাছে থাকা ১৫-২০টি ঘুমের বড়ি খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনার পর ছাত্রলীগের ওই নেতা ও ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়।
চিকিৎসার পর গতকাল বুধবার মেয়েটি সুস্থ হন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ওই নেতা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এখন সমাজে মুখ দেখাতে পারবেন না। তিনি এর বিচার চান। তিনি আইনের আশ্রয় নেবেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই মেয়েকে চেনেন না এবং তাঁর সঙ্গে প্রেমের কোনো সম্পর্কও নেই। একটি মহলের প্ররোচনায় মেয়েটি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।
তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, এর আগেও তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।