ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ফের প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের বিরুদ্ধে আবারও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৯ আগস্ট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানা-পুলিশ সূত্র জানায়, এর আগে কর্তব্যরত পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে অস্ত্র আইনে পুলিশের দায়ের করা মামলায় অবৈধ অস্ত্রসহ গত ২ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ৫৫ দিনের মাথায় ২৫ আগস্ট তিনি আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। এর চার দিন পরই তাঁর বিরুদ্ধে বন্দর থানায় জিডি হয়।
সম্প্রতি খান মাসুদের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধের বিবরণ দিয়ে পুলিশের একটি বিশেষ সংস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে। সেখানেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ নেতা পরিচয়ে খান মাসুদ বন্দর সেন্ট্রাল খেয়াঘাট ও আশপাশের বিরাট এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা করছেন। অবৈধভাবে গত সাত বছরে তিনি কয়েক কোটি টাকা উপার্জন করেছেন। পুলিশের অস্ত্র ছিনতাই ও অস্ত্র আইনের দুটি মামলায় গ্রেপ্তার হয়ে ৫৫ দিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। ভয়ে সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে খান মাসুদ বলেন, তাঁর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। প্রতিপক্ষরা তাঁকে ফাঁসাতে এসব মামলা দিয়েছে। এগুলোর প্রমাণ নেই।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খান মাসুদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুটি মামলার তদন্ত চলছে। জামিনে বেরিয়ে আসার পর তাঁর বিরুদ্ধে হওয়া জিডির তদন্তও করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পুলিশ খান মাসুদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে।