ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রসুল বিপ্লবের বিরুদ্ধে সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের সবদলপুর গ্রামের একটি হিন্দু পরিবারের তিন একর সম্পত্তি জবরদখল ও তাঁদের দেশ ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার জেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখা।
সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক হীরা লাল বিশ্বাস প্রমুখ। তাঁরা গোলাম রসুলকে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
গোলাম রসুল বলেন, ‘অর্পিত সম্পত্তি কয়েকজন মিলে ইজারা নিয়েছি। কারও জমি দখল করিনি কিংবা হুমকি দিইনি। একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্র করছে।’