ছাত্রলীগ নেতার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়রা উপজেলা ছাত্রলীগের সদ্য স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক আল আমিন ইসলামের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগ করা হয়েছে, সাধারণ সম্পাদকের পদ পেতে যে অর্থ খরচ হয়েছে, তা স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে আদায় করতে চাঁদাবাজি ও লুটপাটের আশ্রয় নেন আল আমিন। এর বেশির ভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের।
২৪ এপ্রিল কয়রা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানকে বহিষ্কার ও উপজেলা ছাত্রলীগের কর্মকাণ্ড স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এরপর গতকাল ভুক্তভোগীরা সংঘবদ্ধ হয়ে সংবাদ সম্মেলন করেন। তাঁরা সুবিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কয়রা সদর ইউনিয়নের প্রভাস চন্দ্র সরদার বলেন, ২০১৬ সালের ১২ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম ও বিএনপি নেতা আবুল কালামের নেতৃত্বে ৫০-৬০ জন বিএনপি-জামায়াতের ক্যাডার তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এই টাকা দিতে দেরি হওয়ায় মাত্র তিন দিন পর ওই ক্যাডাররা তাঁর ২০ বিঘা জমির ধান কেটে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৪ লাখ টাকা। শুধু তা-ই নয়, তারা তাঁদের দেশ ছেড়ে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেয়।
অপরদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মঠবাড়ী গ্রামের কৃষ্ণপদ মণ্ডল বলেন, একই বছর মে মাসে আল আমিন ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ৩০ বিঘা জমির ঘের দখল করে নেয়। সঞ্জয় কুমার বৈদ্য বলেন, ‘আল আমিন ইসলাম ও ছাত্রলীগের সহসভাপতি মনি রায় তাঁর ঘেরের মাছ লুট করে নিয়ে যান এবং এক লাখ টাকাচাঁদা দাবি করেন। পরে ২৫ হাজার টাকা দিয়ে পরবর্তীতে দেওয়ার কথা বলায় সে যাত্রায় মাফ পাই।’
মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিপুল বাছাড় বলেন, ২০১৬ সালের জুন মাসে আল আমিন ইসলামের নেতৃত্বে তাঁর ঘেরে হামলা চালিয়ে লুটপাট করে নিয়ে যাওয়া হয়। মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জগদীশ চন্দ্র মণ্ডল সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মঠবাড়ী মৌজার রেকর্ডীয় ৫ বিঘা জমির মাছের ঘের আল আমিন জোর করে দখল করে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে মহেশ্বরীপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সঞ্জয় কুমার বৈদ্যঅভিযোগ করেন, এক লাখ টাকা চাঁদা দিতে না পারায় গত বছরের ৫ ডিসেম্বর ছাত্রলীগ নেতা আল আমিন ইসলাম ভুক্তভোগী ও তাঁর মাকে অস্ত্রের মুখে জিম্মি করে মহেশ্বরীপুর মৌজার ২৭ বিঘা জলাশয়ের মাছ লুট করে নিয়ে যান।
তবে সব অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এটি আমার বিরুদ্ধে অপপ্রচার মাত্র। কোনো ধরনের দখলবাজি বা চাঁদাবাজি আমি করিনি।’