ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সামনে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
মারধরের শিকার একটি অনলাইন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জয় দাশ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমাকে কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের বিলুপ্ত কমিটির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মামুন বেধড়ক মারধর করে। আমি মাথায় গুরুতর আঘাত পেয়েছি।’
তবে অভিযোগের বিষয়ে মোহাম্মদ মামুন বলেন, ‘জয় দাশকে আমি চিনতাম না। তাঁকে আমি মারধর করিনি। অপ্রীতিকর কথা বলায় বকা দিয়েছি।’
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আবদুল্লাহ বলেন, বিনা উসকানিতে সমিতির সদস্য জয় দাশকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।