ছাত্রলীগ নেতার শ্বশুরের কাছে ফোনে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাব পরিচয়ে অপহরণের শিকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা সাইফুজ্জামান সোহাগের শ্বশুরের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার মুঠোফোনে ফোন করে এ চাঁদা চাওয়া হয়।

সাইফুজ্জামানের শ্বশুর রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শেখ রেজাউর রহমান বলেন, ‘আমার কাছে দুপুর একটার দিকে অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে আমাকে বলা হয়, “আপনি কি আপনার জামাইকে ফেরত পেতে চান?” আমি বলি, “অবশ্যই”। তারপর অপরপ্রান্ত থেকে আমাকে বলা হয়, “তাহলে আপনাকে এ জন্য কিছু খরচপাতি করতে হবে।” আমাকে বলা হয়, সোহাগকে পেতে চাইলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে।’

রেজাউর আরও বলেন, কিছুক্ষণ পর আরও একটি ফোন আসে। এবার অপরপ্রান্ত থেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলা হয়, “আপনার জামাইকে পাওয়া গেছে। সে পিরোজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।” কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে সাইফুজ্জামান নেই।

সাইফুজ্জামানের বাবা আক্কাস উজ জামান গতকাল বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো ফোন আসেনি। যেভাবেই হোক আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’

সাইফুজ্জামান সোহাগ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

গত শুক্রবার সংবাদ সম্মেলন করে সাইফুজ্জামানের বাবা অভিযোগ করেন, বুধবার গভীর রাতে র‌্যাব পরিচয়ে ১৫ জনের মতো একটি দল সাদা মাইক্রোবাসে এসে সাইফুজ্জামানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তবে পুলিশ বা র‌্যাব কেউই এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।