নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত মঙ্গলবার রাতে আলম মিয়া নামের এক ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আলম মিয়া সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর গ্রামের আবদুল গাফ্ফারের সঙ্গে আলম মিয়ার দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গাফ্ফার মিয়া, ইয়ানবী, মান্নান মিয়া, মোতালেব হোসেন, কুদরত আলীসহ ৮-১০ জনের একটি দল রামদা, চায়নিজ কুড়াল, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলম মিয়ার ওপর হামলা চালান। এ সময় তাঁরা আলমের ডান হাত, দুই পায়ের রগ কেটে ও বাঁ হাতের হাড় ভেঙে হত্যার চেষ্টা চালান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে প্রথমে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলমের স্ত্রী তমসা ইয়াছমিন বলেন, ‘আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী গাফ্ফার মিয়া ও তাঁর বাহিনী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করেছে। আমার স্বামী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে গাফ্ফার মিয়া বলেন, ‘আমাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। তবে আলমকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় গতকাল তাঁর স্ত্রী তমসা ইয়াছমিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।