ছাত্রলীগ নেতার হাতে ছাত্রী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীর কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। অভিযুক্ত নেতাও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের একজন উপসম্পাদক। এর আগেও তাঁকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের শাস্তি দেওয়া হয়।
ভুক্তভোগী ছাত্রীর একাধিক সহপাঠী জানান, শুক্রবার রাতে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের আবাসিক এলাকায় এক শিক্ষার্থীকে পড়াতে যান। পড়ানো শেষে সেখান থেকে নিজ হলে (কুয়েত-মৈত্রী) ফেরার পথে মল চত্বরে ওই ছাত্রীকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা বাজে মন্তব্য করেন। ওই ছাত্রী বিষয়টির প্রতিবাদ করলে তিনি ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যোগাযোগ করা হলে ছাত্রলীগের ওই নেতা এ ধরনের অভিযোগ অস্বীকার করেন। তিনি কয়েক দিন ধরে অসুস্থ বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, শনিবার ওই ছাত্রী মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।