ছাত্রলীগ নেতার হাতে প্রাণিসম্পদ কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক এক ছাত্রলীগ নেতার কর্মচারীকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে থাকতে না দেওয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তাকে লাঞ্ছিত এবং এক কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। তাঁরা ওই কর্মকর্তাকে বের করে দিয়ে কার্যালয় তালাবদ্ধ করে দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাপানিয়া এলাকার প্রাণিসম্পদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, পাকুন্দিয়া ছাত্রলীগের সাবেক নেতা ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি একরাম হোসেন প্রাণিসম্পদ অফিসের সামনে একটি ওষুধের দোকান চালান। সেই দোকানের এক কর্মচারীর থাকার ব্যবস্থা করার জন্য কার্যালয়ের কাউকে না জানিয়ে দোতলায় একটি কক্ষে গত শুক্রবার একটি খাট নিয়ে আসেন একরাম। আতিয়ার গত রোববার সকালে কার্যালয়ে এসে খাটটি দেখতে পেয়ে তা সরিয়ে নিতে বলেন একরামকে। এতে একরাম ক্ষুব্ধ হন এবং আতিয়ারকে গালিগালাজ করেন।
আতিয়ার রহমানের অভিযোগ, একরাম পিয়াস নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে পাঠান হুমকি দেওয়ার জন্য। এতেও কাজ না হলে গতকাল দুপুরে একরাম ও পিয়াসের নেতৃত্বে প্রায় ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী প্রাণিসম্পদ অফিসে হামলা চালান। তাঁরা আতিয়ারকে লাঞ্ছিত করেন। আতিয়ারকে বাঁচাতে অফিসের প্রজনন সেবা কর্মী সবুজ মিয়া এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তাঁকেও বেদম মারধর করেন। কার্যালয়ের সবাইকে বের করে তালা দিয়ে দেন ছাত্রলীগ কর্মীরা। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে তালা খুলে কর্মকর্তাদের ভেতরে প্রবেশ করায়।
পাকুন্দিয়া থানার ওসি মো. হাসান আল মামুন বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মুঠোফোনে তাঁর কাছে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
একরাম ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রলীগ নেতা পিয়াসের সঙ্গে কাগজপত্র সত্যায়িত করা নিয়ে আতিয়ারের বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে পিয়াস ও অন্যান্য ছাত্রলীগ নেতা সেখানে গেলে আমি তাঁদের শান্ত করি ও বিষয়টি মীমাংসা করে দিই।’