ছাত্রলীগ নেতার হামলায়, যুবলীগ কর্মী খুন
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের স্থানীয় এক নেতার হামলায় মুসা হোসেন (২২) নামের যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে শহরের মশুড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
মুসা হোসেন ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালাম বলেন, মুসা যুবলীগের কর্মী ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মুলাডুলি ইউনিয়নের মোকাররমপুর গ্রামের শাহিন (২১) ও মামুনকে (২১) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মুসা কয়েকজন বন্ধুকে নিয়ে মশুড়িয়াপাড়ার একটি বেকারির কারখানার সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুসার সঙ্গে ছাত্রলীগের নেতা রবির ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর রবি কয়েকটি মোটরসাইকেলে করে বন্ধুদের নিয়ে এসে মুসার ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় মুসার বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান। স্থানীয় লোকজন মুসাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন ও মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মুসার বড় ভাই আবু শামা বাদী হয়ে শহরের মশুড়িয়াপাড়ার রবিকে (২৩) প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
আবু শামা বলেন, পূর্বশত্রুতার জের ধরে রবি ও তাঁর বন্ধুরা মুসাকে ছুরিকাঘাতে খুন করেছেন।
ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, রবি কলেজ শাখার সহসভাপতি পদে আছেন। তবে ঘটনাটি দলীয় বিষয় নয়।
পুলিশ জানায়, বখাটেদের অত্যাচারে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি ঈশ্বরদী বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বৃষ্টি নিজ বাড়িতে আত্মহত্যা করেছিল। মুসা ওই মামলার অন্যতম আসামি।