ছাত্রলীগ নেতার 'নেতৃত্বে' হামলা, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তারের জের ধরে গত শুক্রবার রাতে বোয়ালখালী নতুন বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ বোয়ালখালী নতুন বাজার এলাকা থেকে বোয়ালখালী (সদর) ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেলকে (৩০) ৪০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। তাঁকে ছাড়িয়ে নিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু পুলিশ রাসেলকে ছেড়ে না দেওয়ায় রাত দুইটার দিকে মাহবুবের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা সদরে মিছিল বের করা হয়।
বোয়ালখালী নতুন বাজারের পাহারাদার আবু সৈয়দ বলেন, ‘রাত দুইটা থেকে আড়াইটার দিকে ৩০-৩৫ জন যুবক কিরিচ, লোহার রড ও লাঠি নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বোয়ালখালী নতুন বাজারে আসে। এ সময় আমরা (পাহারাদার) ভয়ে লুকিয়ে যাই। পরে মিছিল থেকে কয়েকজন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমের গাড়ি ভাঙচুর করেন। যাওয়ার সময় মিছিলকারীরা একটি হোটেলে হামলা চালায়।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, কারও ব্যক্তিগত অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও জেলা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা হয়েছে। ছাত্রলীগের নেতা মাহবুবকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। তিনি বলেন, ‘গাড়ি ভাঙচুর ও দোকানে হামলার প্রতিবাদে গতকাল শনিবার সকালে কলেজ মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতিকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে মাহবুব আলমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।