ছাত্রলীগ নেতাসহ আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রাণ গেল আরও দুজনের। এর মধ্যে মুন্সিগঞ্জে আহত হওয়ার পর কারা হেফাজতে থাকা ছাত্রলীগের এক নেতা গতকাল রোববার মারা গেছেন। আর পটুয়াখালীর বাউফলে সহিংসতায় আহত আরেক ব্যক্তি মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ছাড়া ইউপি নির্বাচন সামনে রেখে গত শনিবার নেত্রকোনার মোহনগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মুন্সিগঞ্জে গতকাল মারা গেছেন মো. আসিফ হাসান (২১)। গতকাল অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। তবে তাঁর পরিবারের অভিযোগ, নির্যাতন করে আসিফকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই ‘হত্যাকাণ্ডের’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারও দাবি করা হয়েছে।
পরিবার ও কয়েকজন এলাকাবাসীর ভাষ্যমতে, পাঁচ দিন ধরে কারা হেফাজতে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন আসিফ। গতকাল সকালে তাঁর অবস্থা আরও নাজুক হয়ে পড়লে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
সিরাজদিখান আওয়ামী লীগের একাধিক সূত্রের ভাষ্য, উপজেলার কোলা ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী লিয়াকত মীর জয়ী হন। তাঁর পক্ষে নির্বাচনে কাজ করেন ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাসান। নির্বাচনে পরাজিত হন দলের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী। তাঁর পক্ষে কাজ করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন। উপজেলা ছাত্রলীগ থেকে ইয়ামিনকে বহিষ্কার করা হলে আসিফের সঙ্গে প্রতিপক্ষের শত্রুতা বাড়ে। ১২ এপ্রিল আসিফকে ইয়ামিন ও তাঁর সহযোগীরা ধরে একটি বাড়িতে নিয়ে নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেন।
জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান বলেন, ‘আসিফকে ১৩ তারিখে কারাগারে নিয়ে আসার সময় শরীরে নির্যাতন ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। আজ (গতকাল) ভোর পাঁচটার দিকে আসিফ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাতটার দিকে তিনি মারা যান।’
আসিফের বাবা হাবিবুর রহমান অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত প্রার্থী নাসির চৌধুরী ক্ষোভের জের ধরে আসিফকে নির্যাতন করেন। সঠিক চিকিৎসা না দিয়েই পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে দ্রুত কারাগারে পাঠিয়ে দেয়। নির্যাতন ও সঠিক চিকিৎসার অভাবেই তিনি মারা যান।
এই অভিযোগের ব্যাপারে নাসির চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ এপ্রিল আসিফকে আহতাবস্থায় প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেনারেল হাসপাতালে চিকিৎসক তাঁকে মাথায় আঘাতের জন্য সিটি স্ক্যান করার পরামর্শ দেন। কিন্তু পুলিশ কোনো চিকিৎসা না করিয়েই আদালতে হাজির করে কারাগারে পাঠিয়ে দেয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘অসুস্থতার খবর পেয়ে কারা অভ্যন্তরে গিয়ে দেখি, সে অচেতন অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তরের সময় সে মারা যায়। নির্যাতন থেকে মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদৌস হাসান বলেন, ‘শুনেছি, আসিফ অপর ছাত্রলীগ নেতা ইয়ামিনের ওপর হামলা করেন। তাই গ্রামবাসী তাঁকে ধরে পিটুনি দেন। এ ঘটনায় ইয়ামিনের মা আলেয়া বেগম আসিফকে আসামি করে থানায় মামলা করেন। তবে আসিফের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষে কোনো অভিযোগ দিলে সেটাও নেওয়া হবে।’
আসিফের মৃত্যুর প্রতিবাদে গতকাল বিকেল চারটায় সিরাজদিখান শহরে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিক্ষোভ-সমাবেশ করেছে।
আহত এক ব্যক্তির মৃত্যু: পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে নির্বাচনকে ঘিরে সহিংসতায় আহত দীনবন্ধু হাওলাদার (৬৫) মারা গেছেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ইউপি নির্বাচন শেষে ফলাফল নিয়ে নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ও ভাতিজা পরিতোষ হাওলাদারের সঙ্গে বাড়ি ফিরছিলেন দীনবন্ধু। রাত ১১টার দিকে মাধবপুর বাজার এলাকায় পরাজিত প্রার্থী মো. জাফর উল্লাহর নেতৃত্বে তাঁর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। দীনবন্ধুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন তাঁরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে গতকাল সকাল নয়টার দিকে তিনি মারা যান।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী দীনবন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মারামারির ঘটনায় মামলা হয়েছে। এখন তাঁর মৃত্যুতে ওই ঘটনায় নতুন ধারা সংযোজন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহিংসতায় আহত ১৫: ২৩ এপ্রিল ইউপি নির্বাচন সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া বাজারে শনিবার রাতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ও বিএনপি-সমর্থিত মো. আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে কামাল মিয়া (৩৮) নামের একজনকে ওই রাতেই মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা নেত্রকোনার আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: মুন্সিগঞ্জ, বাউফল (পটুয়াখালী) ও ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি}