ছাত্রলীগ নেতাসহ দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে পিটিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার ক্যাম্পাসের সিনেট ভবন চত্বরে এ ঘটনা ঘটে।
পিটুনির শিকার ওই দুজন হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক জনি আহমেদ ও নগরের বুলনপুর এলাকার রাজন। জনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। রাজন রাজশাহী নগরের রাজপাড়া থানার বুলনপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বেশ কিছু শিক্ষার্থী। জনি ও রাজন মোটরসাইকেলে করে সেখানে গিয়ে দুই শিক্ষার্থী বাদে অন্যদের উঠিয়ে দেন। এরপর ছাত্রলীগ নেতার পরিচয় দিয়ে তাঁরা ওই দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরিচয়পত্র দেখেন। একপর্যায়ে তাঁরা ভয়ভীতি দেখিয়ে দুজনের কাছে থাকা দুটি মুঠোফোন ও ২ হাজার ৭০০ টাকা নিয়ে নেন। এরপর জনি ও রাজন চলে যেতে উদ্যত হলে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী পাশের মাঠে খেলতে থাকা অন্য শিক্ষার্থীদের খবর দেন। পরে শিক্ষার্থীরা মিলে ছাত্রলীগের ওই নেতাসহ দুজনকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে জনি ও রাজনকে আটক করে গাড়িতে তোলে। শিক্ষার্থীরা তখন তাঁদের গাড়ি থেকে নামানোর জন্য বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরে শিক্ষার্থীদের মুঠোফোন ও টাকা ফিরিয়ে দেন জনি ও রাজন।