ছাত্রলীগ নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে নাদিরুজ্জামান খন্দকারকে কুপিয়ে হত্যার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ওরফে শাহীনসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পলাশ থানায় মামলাটি করেন নাদিরের বাবা কামরুজ্জামান খন্দকার।
মামলার অন্য আসামিরা হলেন উপজেলার পলাশের চর এলাকার সুলতান উদ্দিন আহাম্মেদ ওরফে সুলতান মুহুরী (৫৬), সাইফুল ইসলাম (৩০), এমদাদুল হক (৫০), লিপু মিয়া (২৩), তুহিন (২৫) ও উজ্জ্বল (২৮); চর্ণগরদী এলাকার আইনুল (২৫) ও মাসুম মিয়া (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভোলাচং এলাকার হানিফ মিয়া (২৯)। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৫ মে বেলা পৌনে একটার দিকে আসামি সুলতান উদ্দিন ও হানিফ মিয়া বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। সন্ধ্যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ আসামিরা চাপাতি, দা, ছোরা ও চায়নিজ কুড়াল নিয়ে আবার বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে চাঁদা চান। তখনো চাঁদা দিতে অস্বীকৃতি জানান বাদী। এরপর সুলতান উদ্দিনের নির্দেশে সাইফুল তাঁর হাতে থাকা দা দিয়ে বাদীকে কোপ মারেন। এ সময় বাদীর আর্তচিৎকার শুনে তাঁর ছেলে নাদির এগিয়ে এলে ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ তাঁর হাতে থাকা লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে অন্যরা নাদিরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এ সময় আশপাশের লোকজন চলে এলে হামলাকারীরা চলে যান। তবে রক্তমাখা চাপাতিসহ সাইফুল ধরা পড়ে যান। পুলিশ সাইফুলকে আটক করে থানায় নিয়ে যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, মামলাটিতে সাইফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।