মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনসহ অভিযোগপত্রভুক্ত (চার্জশিটভুক্ত) ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় আগামী ৮ মে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। মামলায় ৫৮ জনকে সাক্ষী করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে গতকাল মঙ্গলবার দুপুরে ওই চার্জ গঠন করা হয়।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী কৌঁসুলি সৈয়দ ফিরোজুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সুমন সেন (সেন সুমন নামে পরিচিত), আলী আকবর, মুজিবুর রহমান, সুমন আলী, ফরিদুর রহমান, সাগর, বাপ্পী গাজী, ইলিয়াস মোল্লা, সোহেল মিয়া, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল ইসলাম, সোবহান শেখ, সোলায়মান হোসেন, তৈয়বুর রহমান তোতা, মো. সুমন ও আয়নাল শেখ। এদের মধ্যে সেন সুমন জেলা ছাত্রলীগের সহসভাপতি ও তৈয়বুর রহমান তোতা জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক।
মাগুরার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আলোচিত এ মামলার সব আসামিই জামিনে রয়েছেন।
আদালতে পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, চার্জ গঠনের মাধ্যমে মামলাটির মূল বিচারিক কার্যক্রম শুরু হলো। সাক্ষ্যগ্রহণ শেষ হলে বিচারক রায় দেবেন।
এদিকে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মায়ের পেটে থাকতে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘সব আসামির বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় আমরা খুশি। আমরা চাই দ্রুত বিচারিক কাজ শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
মামলার বাদী রুবেল ভূঁইয়া বলেন, ‘দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাঁরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে না পারে।’
২০১৫ সালের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একপক্ষের নেতৃত্ব দেন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়া। অপরপক্ষে নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান আজিবর ও সাবেক ছাত্রলীগ কর্মী মুহম্মদ আলী আকবর। সংঘর্ষের মধ্যে পড়ে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন পেটে গুলিবিদ্ধ হন। গুলিতে আহত হয় গর্ভের শিশু। ওই সংঘর্ষে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া গুলি ও বোমায় আহত হন। দুদিন পরে তিনি মাগুরা সদর হাসপাতালে মারা যান।