ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করা সেই ছাত্রীকে এবার অপদস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ করা সেই ছাত্রীকে এবার ক্লাস থেকে টেনেহিঁচড়ে বের করে অপদস্ত করেছেন সংগঠনটির নারী কর্মীরা।
গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত শিক্ষকেরা বাধা দিলে তাঁদের সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন সভাপতি নিশীতা ইকবাল ও তাঁর সহযোগীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সরস্বতী পূজার রাতে ওই ছাত্রীকে মারধর করে বের করে দেওয়ার পর ২৯ জানুয়ারি তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিশীতা ইকবালের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ করেন। এর পর থেকেই তাঁকে বিভিন্ন সময়ে ফেসবুক ও ফোনে হুমকি দেওয়া হচ্ছিল বলে ওই ছাত্রী জানান। ৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় বাসায় যাওয়ার পথে ওই ছাত্রীর ওপর হামলা হয়। এসব ঘটনায় উত্তরা ও শাহবাগ থানায় পাল্টাপাল্টি মামলাও রয়েছে।
চারুকলার একাধিক শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, হামলার পর থেকে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে আসা প্রায় ছেড়ে দেন। গতকাল ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে তিনি চারুকলায় আসেন। বেলা তিনটার দিকে তিনি তাঁর বন্ধুদের নিয়ে শ্রেণিকক্ষে বসে ছিলেন। এমন সময় নিশীতা তাঁর সহযোগীদের নিয়ে এসে তাঁকে টেনেহিঁচড়ে ক্লাসের বাইরে নিয়ে আসেন। খবর পেয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ঘটনাস্থলে এসে ওই ছাত্রীকে নিরাপদে বের করে দেন।
বিষয়টি সম্পর্কে জানতে নিশীতা ইকবালের মুঠোফোনে চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এত দিন ধরে বিষয়টির কোনো সুরাহা কেন হচ্ছে না, জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ওই ঘটনার তদন্ত প্রতিবেদনে কিছু বিষয় অস্পষ্ট রয়েছে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।