ছাত্রলীগ পরিচয়ে কলেজছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মী পরিচয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের মুরাদ হোসেন নামের এক ছাত্রকে মারধর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মুরাদকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদ হোসেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি প্রথম আলো যশোর বন্ধুসভার সাধারণ সম্পাদক। বাড়ি যশোরের শার্শা উপজেলার জামতলা গ্রামে। তিনি যশোর শহরের খড়কি এলাকার ছাত্রাবাসে থাকেন।

মুরাদ হোসেন বলেন, ‘ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেওয়ার জন্য কলেজ কার্যালয়ে যাই। এ সময় জুনিয়র একটি ছেলে সিনিয়র কয়েকজনের সঙ্গে খারাপ ভাষায় কথা বলছিল। আমি ঘটনার প্রতিবাদ করলে ছেলেটি মুঠোফোনে শহীদ আসাদ হল থেকে কয়েকজনকে ডেকে আনে। ওরা ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে স্যার (রসায়ন বিভাগের শিক্ষক আবদুল আলিম) এগিয়ে এসে আমাকে রক্ষা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, মুরাদের মাথা ও পুরুষাঙ্গে আঘাত লেগেছে। মাথায় সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাশেদ খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কলেজের রসায়ন বিভাগের প্রধান মো. আবদুল আলিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কলেজ প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।