ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রোববার ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের সাত সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ হন ছাত্রলীগের পাঁচ কর্মী। পুলিশি হামলার প্রতিবাদে ছাত্রলীগ আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ ২৫ আগস্ট সোমবার থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে কলা অনুষদের সামনে থেকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। তখন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তাতে বাধা দেন। এ নিয়ে শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে প্রক্টরের কথা-কাটাকাটি হয়। প্রক্টর মিছিলের অনুমতি না দিয়ে শিবিরের ব্যানার কেড়ে নেন। এরপর শিবিরের নেতা-কর্মীরা ব্যানার ছাড়াই পৌনে ১২টার দিকে মিছিল বের করেন। তাঁরা বিভিন্ন সড়ক ঘুরে ক্যাম্পাস ছেড়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিবিরের মিছিল চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের দলীয় টেন্টে অবস্থান করছিলেন। শিবিরের মিছিল শেষে ছাত্রলীগের কর্মীরা পাল্টা মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাসে ভাঙচুর চালান কর্মীরা। পরে প্রশাসন ভবনের সামনে এসে সেখানেও বিশ্ববিদ্যালয়ের একমাত্র দ্বিতল বাসটিসহ আরও একটি বাসে ভাঙচুর চালানো হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা অনুষদ ভবনে গিয়ে প্রক্টরের কার্যালয় ভাঙচুর করেন। ডায়না চত্বরের পাশে উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়িতেও ইট-পাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। উপাচার্য ও সহ-উপাচার্য তখন টিএসসিসি মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগদান শেষে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিলেন। উপাচার্যের গাড়ি দ্রুত স্থান ত্যাগ করতে পারলেও সহ-উপাচার্যের গাড়ি পেছনে ফিরে যেতে বাধ্য হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের কর্মীরা উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। তখন ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি হয়।
এর কিছুক্ষণ পর ছাত্রলীগের কর্মীরা ডায়না চত্বর থেকে চলে এসে প্রশাসন ভবনের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং তাঁদের মারধর করেন। এতে পুলিশের সাত সদস্য আহত হন।
তখন বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা লাঠিপেটা শুরু করেন এবং ৮-১০টি গুলি ছোড়েন। এতে ছাত্রলীগের ১৩ জন নেতা-কর্মী আহত হন। গুলিবিদ্ধ হন পাঁচজন। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা প্রশাসন ভবনের ভেতর দিয়ে পালিয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ছাত্রলীগের গুলিবিদ্ধ কর্মীরা হলেন শাহীনুর রহমান, রানু, মাসুদ, অমিত ও সুমন। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. আসাদুল্লাহ বলেন, গাজা একটি মানবিক ইস্যু। এ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করলে শিবিরের নেতা-কর্মীরা তাতে যোগ দেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান প্রথম আলোকে বলেন, ‘শিবিরের মিছিলের প্রতিবাদে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। এ সময় আমাদের কিছু নেতা-কর্মী তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লে পুলিশ অতর্কিতভাবে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।’
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়িতে হামলার চেষ্টায় বাধা দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হয়েছেন।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ছাত্রলীগ ও পুলিশের মধ্যকার ঘটনা দুঃখজনক। ক্যাম্পাস শান্ত রাখার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।