চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো অবরুদ্ধ করার ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ঠিকাদারি কাজের দাবিতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে বিএম কনটেইনার ডিপোটি ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। পরে স্থানীয় সাংসদ দিদারুল আলমের হস্তক্ষেপে তাঁরা ডিপো এলাকা ছেড়ে যান।
গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন নাজিম উদ্দীন, মেহেদী হাসান, রাশেদ মিয়া, মো. সাহেদ, মাসুদ রানা ও আমির।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম বলেন, চাঁদা চাওয়ার অভিযোগে কনটেইনার ডিপো কর্তৃপক্ষ প্রথমে থানায় সাধারণ ডায়েরি করে। পরে এ ঘটনায় মামলা হয়। ছয়জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ নেতা মো. আবু তাহের বলেন, ডিপোতে কাজ চাইতে এলাকার ছেলেরা গিয়েছিল। চাঁদাবাজির অভিযোগে মামলা হওয়াটা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।