ছাত্রলীগ-যুবলীগের হামলায় চার পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদরে সাইফিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল চলাকালে আজ শুক্রবার পুলিশের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ও পুলিশ কনস্টেবল আল আমিন, আব্দুল মোতালেব ও মো. হাছান আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রিমন হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলে আগতরা বিকেলের দিকে ভাত নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। এ সময় সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ মোল্লা এবং ছাত্রলীগের একই ইউনিয়ন কমিটির সহসভাপতি মিলন হোসেন ও কর্মী রিমন হোসেনসহ এ দুই সংগঠনের ১০-১২ জন লাইনে না গিয়ে জোরপূর্বক ভাত খেতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের ওপর এ হামলার ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।