রাজশাহী মেডিকেল কলেজে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন। পুলিশ আহত দুজনসহ পাঁচজনকে আটক করেছে। তাঁরা সবাই ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে দাবি করেছে পুলিশ।
কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের র্যাগ ডে উপলক্ষে বৃহস্পতিবার রাত ১১টার দিকে জামিল আক্তার রতন হোস্টেলে প্রস্তুতি সভা হচ্ছিল। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই কাজী নুরুন্নবী হোস্টেল থেকে একটি গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। রাত একটার দিকে নূরুন্নবী হোস্টেলে তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়। কিন্তু ছাত্ররা হোস্টেলের গেটে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে তালা ভেঙেই তল্লাশি চালানো হয়। এ সময় তিন ছাত্রকে আটক করা হয়। তাঁরা হলেন গোলাম রাব্বানী, ফয়সাল রাহাত ও মিজানুর রহমান। তাঁদের মধ্যে ফয়সাল রাহাত রেটিনা কোচিং সেন্টারের ব্যবস্থাপক। তাঁরা সবাই ইন্টার্ন চিকিৎসক।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, হোস্টেলের কক্ষে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ কুড়াল, বেশ কিছু বাটুল ও কাচের মারবেল এবং জিহাদি বই উদ্ধার করা হয়েছে। রাতে যাঁদের আটক করা হয়েছিল গতকাল শুক্রবার সকালে তাঁদের নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংঘর্ষের সময় আহত হন হাবিবুর রহমান ও আবু জাফর। তাঁদের হাসপাতাল থেকে আটক করা হয়।