ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল ইসলামকে লাঞ্ছিত করায় সংগঠনটির উপপ্রচার সম্পাদক আনিসুর রহমানকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্র জানায়, সম্প্রতি শাখা ছাত্রলীগ ও শরিফুলের পরিবার নিয়ে খারাপ মন্তব্য করেন আনিসুর রহমান। পরে এই অভিযোগে গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরের সামনে আনিসুর রহমানের জামার কলার ধরে শাসান শরিফুল ইসলাম। এ সময় শরিফুলকে ধাক্কা ও গালিগালাজ করেন আনিসুর। পরে নেতা-কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন পরিবার নয়, ছাত্রলীগ নিয়ে বিভিন্ন সময় খারাপ মন্তব্য করাতেই তাঁকে শাসিয়েছি। ধাক্কাধাক্কির কোনো ঘটনা ঘটেনি। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এক বছর আগেও সাময়িক বহিষ্কার হয়েছিলেন আনিসুর। তবে শরিফুলের পরিবার ও ছাত্রলীগ সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেননি বলে দাবি করেছেন আনিসুর। তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগে আমার জামার কলার ধরায় আমি শুধু তাঁকে (শরিফুল) ধাক্কা দিয়েছি, গালিগালাজ করেছি।’