দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলামসহ চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রোববার তাঁদের পুলিশে সোপর্দ করে।
পুলিশের হাতে তুলে দেওয়া অপর তিনজন হলেন কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান, কম্পিউটার বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের বহিষ্কৃত ছাত্র অনিন্দ্য দত্ত এবং বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র জাহিদ হাসান। এর আগে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের সঙ্গে সাধারণ ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়, কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র রিজভী হাবীব ও আতিকুল ইসলাম আহত হন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. সিদ্দিকুর রহমান জানান, এঁরা সবাই এখন শঙ্কামুক্ত।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ ছাত্ররা ছাত্রলীগের নেতা ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়ের দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। বিক্ষুব্ধ ছাত্রদের তাড়া খেয়ে ইফতেখারুল, মাহমুদুল হাসান, অনিন্দ্য দত্ত, জাহিদ হাসানসহ বেশ কয়েকজন দৌড়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন হলে ঢুকে সব ফটকে তালা লাগিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ টি এম শফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শত শত বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ওই হল ঘিরে রাখেন। কর্তৃপক্ষের আহ্বানে পুলিশ ক্যাম্পাসে আসে। কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় সাধারণ ছাত্ররা শান্ত হলে বিকেল পাঁচটা ৪৫ মিনিটে ওই চার ছাত্রকে হল থেকে বের করে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান পিপিএম বলেন, উল্লিখিত চার ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের দায়ের করা একাধিক মামলা আছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা জানান, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন দিনাজপুর-ঢাকা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে এক ঘণ্টা মানববন্ধন হয়। এতে অংশগ্রহণকারীরা গুটি কয়েক সন্ত্রাসীর হাত থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রক্ষায় সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধনের পর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা ছাত্রনামধারী সন্ত্রাসীদের ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট বর্জন করে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানান। সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও কর্মকর্তারা জানান, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়ের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট বাজারের স্থানীয় লোকজন একজোট হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্য সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম। তিনি দাবি করেন, ‘আমরা ক্যাম্পাসে মিছিল করেছি। ছাত্রদল, ছাত্রশিবির ও বহিরগতরা মিলে আমাদের ওপর হামলা চালিয়েছে।’