ছাত্রলীগ সম্পর্কে কটূক্তি করায় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ফেসবুকে ছাত্রলীগ নিয়ে কটূক্তি করায় এক শিক্ষককে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়। তবে কী কটূক্তি করেছেন, তা স্পষ্ট করে পুলিশ বলেনি।
গ্রেপ্তার হওয়া শিক্ষক হলেন উপজেলার মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এনায়েত উল্লাহ। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউদের বিল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক গত রোববার কোনো একসময় তাঁর ফেসবুকে ছাত্রলীগ নিয়ে কটূক্তি করেন। বিষয়টি জানাজানি হলে ওই দিন রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে মামলা দিয়ে গতকাল তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠায়।
ওই শিক্ষক ফেসবুকে কী লিখেছেন জানতে চাইলে মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, তিনি তা জানেন না। ছাত্রলীগের এক কর্মী তাঁকে কম্পিউটারে ওই কটূক্তি দেখিয়েছেন বলে জানান।